মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মাগুরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গবেরইল গ্রামের গোলাম রাব্বানীর ছেলে হাফেজ মাওলানা মুফতি রাব্বি ইসলাম নাঈম (২৫) এবং একই উপজেলার হাজরাপুর ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রশিদ রিপন (৪৫)। এরমধ্যে রাব্বি ইসলাম নাঈম মাগুরা পুরাতন বাজারের মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় রিপনের মেয়ে বৃষ্টি আক্তার (২৫) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মিয়া তার মেয়ে বৃষ্টিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে রাব্বি ইসলাম নাঈম তার কর্মস্থল মাগুরা পুরাতন বাজারের মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। আবালপুর স্কুল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই রাব্বি ইসলাম নাঈমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপন ও তার মেয়েকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়ার মৃত্যু হয়। আহত বৃষ্টি আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


