গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে বড়শির রশি পায়ে পেঁচিয়ে পরিমল মণ্ডল নামের এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার এমএন স্কুলের বাঁধসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
নিহত পরিমল মণ্ডল কুষ্টিয়ার খোকসা উপজেলার হিলালপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবারও ডিঙি নৌকা নিয়ে গড়াই নদীতে মাছ ধরছিলেন পরিমল মণ্ডল। এ সময় তিনি প্রবল স্রোতের কবলে পড়ে নদীতে পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার পর তার পায়ে মাছ ধরার জাল অথবা বড়শির রশি পেঁচিয়ে যায়। এতে তিনি সাঁতরে ওপরে উঠতে পারেননি। পরে স্থানীয় লোকজন নদী থেকে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর ও ছবি ছড়িয়ে পড়লে স্বজনেরা হাসপাতালে গিয়ে পরিমল মণ্ডলের পরিচয় নিশ্চিত করেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, মরদেহ শনাক্ত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পায়ে বড়শির রশি পেঁচিয়ে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি নদীতে হওয়ায় নৌ পুলিশকে জানানো হয়েছে এবং তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।



