logo
Advertisement

গাজীপুরে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক, শ্রীপুরে ডাম্পট্রাক চাপায় এক নারী, একই উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক দিনমজুর এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত শাকিল (৩১) টাঙ্গাইল জেলার মধুপুর থানার টেকিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

গাজীপুরের শ্রীপুরে ওষুধ কিনতে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাজারে যাওয়ার পথে বেপরোয়া গতির ডাম্পট্রাকের চাপায় তারা বানু নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। নিহত তারা বানু (৭৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।

নিহতের ছেলে মো. মাইনুদ্দিন জানান, দুপুরের দিকে অটোরিকশায় চড়ে পাশের বরমী বাজারে ওষুধ কিনতে যান তার মা। বাজারে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত পলাশ চন্দ্র দিনাজপুর জেলার কাহারোল উপজেলার খান্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে। তিনি শ্রীপুরের লতিফপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। বুধবার রাতে কাজ শেষে গোসল থেকে ফিরে উঠানে কাপড় শুকানোর তারে ভেজা কাপড় মেলতে গিয়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা তারের স্পর্শে তিনি মারা যান।

এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন ইউটার্নে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল ইসলাম জানান, অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিষয় :