পশুর হাটে ছড়িয়ে দিতে বানানো হচ্ছিল ১ হাজার ও ৫০০ টাকা নোট

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার জাল নোট তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ দুজনকে আটক করেছে বিজিবি।
রোবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে। একটি চক্র কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ দল রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
এ বিষয়ে বিজিবির ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুভাশশীর নাকিব তরফদার জানান, ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
