Advertisement

অনলাইন জুয়ায় তিন ঘণ্টায় কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার দুই

এশিয়া পোস্ট নিউজ, পিরাজপুর
অনলাইন জুয়ায় তিন ঘণ্টায় কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার দুই
গ্রেপ্তার দুই জুয়াড়ি। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে প্রদীপ হালদার ও সমির চন্দ্র খরাতী নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রদীপ হালদার বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে ও সমির চন্দ্র খরাতী মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে মাত্র ৩ ঘন্টায় বিকাশ অ্যাকাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেন করে অনলাইন জুয়া খেলার অভিযোগে তাদের আটক করা হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদি হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বিকাশ অফিস কক্ষে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে পুলিশ আটক করে। তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশালের গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের বাড়ি থেকে ভোররাতে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে আটক করা হয়।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় :পিরোজপুর