কলাবাগান থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবু সালেম প্রধান (২৮) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সালেম প্রধান গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মধ্য মীরপাড়া গ্রামের ইসাহাক প্রধানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকায় অবস্থিত ‘ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল’-এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান ঘেঁষে থাকা গাছে দুপুর সাড়ে ১২টার দিকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আবু সালেম প্রধানের লাশ শনাক্ত করেন তার চাচাতো ভাই কহিদ মিয়া।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



