কুড়িগ্রামে বেপরোয়া ট্রাক্টরের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

কুড়িগ্রাম জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল, সবখানেই বেপরোয়া গতিতে চলাচল করছে বালুভর্তি ট্রাক্টর। অনভিজ্ঞ চালকদের হাতে এসব যানবাহন পরিচালিত হওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ঘটছে প্রাণহানির ঘটনাও। ফলে সড়কে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, জেলার প্রায় প্রতিটি সড়কেই অবাধে চলাচল করছে বেশির ভাগই বালুভর্তি ট্রাক্টর। এসব ট্রাক্টরের নেই বৈধ রোড পারমিশন বা নিবন্ধন। অথচ আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর তদারকির অভাবে, দিন দিন বেড়েই চলেছে এদের দৌরাত্ম্য। একই সঙ্গে যত্রতত্র এবং বেপরোয়া গতিতে চলাচলের কারণে সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা পড়ছেন চরম ঝুঁকিতে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ ট্রাক্টরের ব্যবহার। এ অবস্থায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় মিল পড়া এলাকার বাসিন্দা শামসুল হক বলেন, ট্রাক্টরগুলোর কারণে এখন রাস্তায় বের হওয়াই ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ চালকেরই কোনো অভিজ্ঞতা নেই। দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
একই এলাকার মাহমুদ বলেন, অতিরিক্ত গতিতে বালুভর্তি ট্রাক্টর চলাচল করায় পথেঘাটে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে যে কোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মঞ্জুর জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিতভাবে প্রতি মাসেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হচ্ছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।