logo

তারাবি পড়তে যাওয়া শিশুটির রক্তাক্ত মরদেহ পড়ে আছে বাঁশঝাড়ে

তারাবি পড়তে যাওয়া শিশুটির রক্তাক্ত মরদেহ পড়ে আছে বাঁশঝাড়ে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে আট বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত মো. রুবেল ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। সে স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র ছিল। 

শিশুর পরিবার জানায়, মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পর রাত ৮টার দিকে রুবেল ঘর থেকে তারাবির নামাজ পড়তে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে একপর্যায়ে এলাকাজুড়ে মাইকিং করেন। রাত পৌনে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে টর্চলাইটের আলো ফেললে রুবেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

রুবেলের বাবা আব্দুল কাদের বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কে এমন নির্মমভাবে হত্যা করল। সে কী অপরাধ করেছিল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার নাকেমুখে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।