logo

বিষাক্ত ইনজেকশন পুশ করে ঘের ব্যবসায়ী রঞ্জনকে হত্যা, বস্তায় ভরে নদীতে লাশ

বিষাক্ত ইনজেকশন পুশ করে ঘের ব্যবসায়ী রঞ্জনকে হত্যা, বস্তায় ভরে নদীতে লাশ
মিঠুন ধর ও তার সহযোগী আব্দুল হান্নান গাজীকে গ্রেপ্তার করে সিআইডি। ছবি: এশিয়া পোস্ট

যশোরের কেশবপুরের আলোচিত ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডলকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার কথা স্বীকার করেছেন পল্লিচিকিৎসক মিঠুন ধর। হত্যার পর মরদেহ বস্তায় ভরে মোটরসাইকেলে করে নিয়ে ফেলে দেওয়া হয় মুক্তেশ্বরী নদীতে। এরপর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সীমান্ত এলাকা থেকে মিঠুন ধর ও তার সহযোগী আব্দুল হান্নান গাজীকে গ্রেপ্তার করেছে।

সিআইডির দাবি, রঞ্জন মণ্ডলের সহায়-সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের প্যাকেট, নিহতের সোনার চেইন ও আংটি এবং মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে এসব তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই দেলোয়ার হোসাইন।

গ্রেপ্তার দুজন হলেন মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের বিষ্ণুপদ ধরের ছেলে পল্লিচিকিৎসক মিঠুন ধর এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী।

সিআইডি সূত্র জানায়, গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে পল্লিচিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। একপর্যায়ে মিঠুন দোকানের শাটার বন্ধ করে তাকে আটকে রাখেন। পরে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেন। দুপুর আড়াইটার দিকে দোকান খুলে বস্তায় ভরা মরদেহটি মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে যান। প্রথমে গ্রামের একটি সরু রাস্তার পাশে বস্তাটি রেখে দেন। পরে রাতে বস্তার মুখে ইট বেঁধে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসাইন এশিয়া পোস্টকে বলেন, শুক্রবার দুপুরে রঞ্জন মণ্ডল মিঠুন ধরের ফার্মেসিতে যান। একপর্যায়ে মিঠুন ফার্মেসির শাটার বন্ধ করে চলে যান। কিন্তু রঞ্জনকে আর ফার্মেসি থেকে বের হতে দেখা যায়নি। দুপুর আড়াইটার দিকে মিঠুন দোকান খুলে একটি ভরা বস্তা মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে যান। ওই বস্তায় রঞ্জন মণ্ডলের মরদেহ ছিল। পরে রাতে বস্তাটি মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন।

তিনি আরও বলেন, মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত সোনার চেইন ও আংটি এবং মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাটাখালী বাজারে মিঠুনের দোকান থেকে নিহতকে ইনজেকশন দেওয়ার প্যাকেটও উদ্ধার করা হয়েছে।

সিআইডি সূত্র জানায়, গত শনিবার (৭ নভেম্বর) মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের হেলারের ঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহটি কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তার ভাতিজা দেবাশীষ মণ্ডল বাদী হয়ে রোববার মণিরামপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার পর সিআইডি তদন্তে নামে। নিহতের মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয়ভাবে অনুসন্ধান করে পল্লিচিকিৎসক মিঠুন ধরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

তদন্তে আরও জানা যায়, রঞ্জন মণ্ডল নিখোঁজ হওয়ার পর থেকে মিঠুন ধরকেও এলাকায় পাওয়া যাচ্ছিল না। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি জানতে পারে, আব্দুল হান্নান গাজীর সহায়তায় মিঠুন ধর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতে সিআইডি যশোরের একটি দল কলারোয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

সিআইডির তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসাইনের দাবি, রঞ্জন মণ্ডলের সহায়-সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই তাকে হত্যা করেছেন মিঠুন ধর। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।