logo

পঞ্চগড়ে ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত

পঞ্চগড়ে ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত

উত্তরের জেলা পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ঝড়বৃষ্টি বয়ে যাচ্ছে।

রোবাবর দুপুরে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আবহ শেষ হতে না হতেই বৃষ্টিবলয় শীত অনুভূত করাচ্ছে। বৃষ্টির কারণে অফিসমুখী লোকজন ও চলমান এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়াতে বাদাম, মরিচ, ভুট্টা, পাটসহ নানা মৌসুমি ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। বাড়ছে পোকামাকড়ের আক্রমণ। 

সদর উপজেলার কৃষক শহীদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা। গতরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে। মরিচ, বাদাম ক্ষেতে পানি জমে গেছে। অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের ফসল নষ্ট হয়ে যাওয়া শুরু হবে।

এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে অনেক কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে আসি। পরে বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে বিদ্যুৎ ছিল না। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে আসে।

জেলা শহরের ইজিবাইক চালক আল আমিন বলেন, বৃষ্টির কারণে শহরে মানুষের উপস্থিতি কম। যাত্রী কমে যাওয়ায় ইনকাম কমে গেছে। বৃষ্টির কারণে কেউ খোলা ভ্যানে চড়তে চাচ্ছে না। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে গভীর মেঘমালা রয়েছে। গত ২৪ ঘন্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিবলয় ১ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে জেলাজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।