logo

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, জামায়াত আস্থা রাখে না: মির্জা ফখরুল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, জামায়াত আস্থা রাখে না: মির্জা ফখরুল
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এশিয়া পোস্ট

বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।

এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন চুক্তি করা হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

এর আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের মাত্র তিন মাস সময়ে ইতিমধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে মন্ত্রী উত্তর ইসলামপুর এলাকায় পৌঁছে স্থানীয়দের দীর্ঘ দিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের খোঁজ নেন। পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।