শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুজিত শীল হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ডবাজার গ্রামের বাসিন্দা। তার স্রীর নাম ইতি রানী শীল এবং শাশুড়ির নাম জ্যোৎস্না রানীকে (৬৫)।
মামলার বিবরণে জানা যায়, সুজিতের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জেরে ২০২১ সালের ৭ অক্টোবর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সুজিত তার স্ত্রী ইতিকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর পাশের কক্ষে থাকা শাশুড়িকেও দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ইতির বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।