স্বামীকে বেঁধে নারীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবকের হাত-পা ও মুখ বেঁধে তার স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী এক সন্তানের জননী। এ ঘটনায় বুধবার (১৭ জুন) তার মা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে গফরগাঁওয়ের পাগলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই নারী তার স্বামী, সন্তান ও শাশুড়িকে নিয়ে একটি বসবাস করেন। মঙ্গলবার গভীর রাতে মুখে কাপড় বাঁধা আট ব্যক্তি ঘরে ঢুকে প্রথমে তার স্বামীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় স্ত্রী বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায় তারা।
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরের একটি নির্জন স্থানে নিয়ে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
