logo

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

সিলেটের কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ প্রথম খণ্ড গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়বন্দ প্রথম খণ্ড গ্রামের সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে বর্তমানে তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক কলহ দেখা দিলে সোহেল ফারহানাকে নির্যাতন করেন।

পরিবারের সদস্যরা বলেন, নির্যাতনের কারণে দুদিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। সোমবার তিনি তার মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই ফারহানাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর গভীর রাতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ফারহানা বেগমের মরদেহ উদ্ধার করে।

ফারহানার ভাই সেলিম উদ্দিন বলেন, তার বোনের স্বামী সোহেল মাদকাসক্ত এবং প্রায়ই ফারহানাকে মারধর করতেন। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। নির্যাতনের শিকার হয়ে ফারহানা প্রায়ই বাবার বাড়িতে আশ্রয় নিতেন। সবশেষ, ঘটনার দিনও তাকে জোর করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল আহমদ পলাতক রয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।