পিসিআইইউতে ৩য় আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু ৮ অক্টোবর

উচ্চশিক্ষার উৎকর্ষের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ২৮৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পিসিআইইউর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার উৎকর্ষের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকদের একই প্ল্যাটফর্মে এনে জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
তিনি জানান, সম্মেলনে মোট ৯টি ট্র্যাকে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। ট্র্যাকগুলো হলো— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং ইএলটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি।
উপাচার্য আরও জানান, সম্মেলনে নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান তুলে ধরবেন।
আয়োজক সূত্র জানায়, সম্মেলনে জমা পড়া ৩০১টি গবেষণাপত্র থেকে যাচাই-বাছাই শেষে ২৮৫টি মূল উপস্থাপনের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া ও ভারতের গবেষকদের ১১টি গবেষণাপত্র রয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী চৌধুরী; বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মফাজ্জল আহমেদ; মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন মাইনুল হাসান চৌধুরী; কনফারেন্স কনভেনার ড. গণেশ চন্দ্র রায়; রেজিস্ট্রার মোহাম্মদ ওবায়দুর রহমান; পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম হোসাইন; কো-কনভেনার ড. খন্দকার দাহির ইসলাম; সেক্রেটারি দীপক কুমার চৌধুরী এবং প্রক্টর রাশেদ খান মিলন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
