শাবিপ্রবির অধিভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের টানা আন্দোলনের কারণে বুধবারও কলেজের ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।
জানা গেছে, বুধবার দুপুরে শত শত শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে পৌঁছে অবস্থান নেন। এ সময় তারা দ্রুত দাবি বাস্তবায়নে সরকারি সিদ্ধান্ত কার্যকরের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যার দিকে তাঁরা পুনরায় মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজের প্রশাসনিক ও একাডেমিক কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ চলছে। এই জটিলতার স্থায়ী সমাধান হিসেবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাবিপ্রবির সঙ্গে সরাসরি অঙ্গীভূত বা অধিভুক্ত করার দাবি জানিয়ে আসছেন তারা। শিক্ষার্থীদের সাফ কথা কেবল আশ্বাসে তারা আন্দোলন থামাবেন না, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বর্তমানে তিনটি বিভাগে পাঁচটি ব্যাচে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলেজটির একাডেমিক কার্যক্রম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন হলেও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে। দুই কর্তৃপক্ষের জোড়াতালির এই প্রশাসনিক কাঠামোর কারণেই স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
