logo
Advertisement

বরগুনায় জামিন না পেয়ে বিচারককে গালি, পুলিশকেও পেটালেন আসামি

বরগুনায় জামিন না পেয়ে বিচারককে গালি, পুলিশকেও পেটালেন আসামি
দণ্ডপ্রাপ্ত আসামি বশির। ছবি : পুুলিশের সৌজন্যে

বরগুনায় জামিন নামঞ্জুর হওয়ায় আদালতে হট্টগোল, বিচারকের উদ্দেশ্যে অশোভন মন্তব্য এবং কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বশির নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। পরে দণ্ডপ্রাপ্ত বশিরকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলার শুনানি চলছিল। ওই মামলায় অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আদালতে হট্টগোল করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা নিয়ে অশোভন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বশিরকে আটক করতে গেলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সিদ্দিক নামে এক পুলিশ সদস্যকে মারধর করেন বলেও আদালত সূত্রে জানা যায়।

পরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আদালত তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক মো. আসাদুজ্জামান।

বরগুনা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, বশিরের জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি আদালতে হট্টগোল করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা সম্পর্কে অশোভন মন্তব্য করেন। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে তিনি তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।