হেলমেট-মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, মিছিলটিতে মোট ছয়জন অংশ নেন। তাদের মধ্যে চারজন হেলমেট ও মাস্ক পরা অবস্থায় ছিলেন এবং অপর দুজনের মুখ উন্মুক্ত ছিল। সংক্ষিপ্ত এ মিছিলে নেতৃত্ব দেন নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ও মো. শরিফুল ইসলাম শরিফ।
এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজসহ মিছিলকারী মো. শরিফুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। সেখানে ভিডিওটিকে ‘নলছিটি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ হিসেবে আখ্যায়িত করে নেতৃত্বদানকারী নেতাদের নাম উল্লেখ করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, নির্জন এলাকায় গোপনে ও চোরাগোপ্তা উপায়ে করা একটি মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। প্রচারিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


