Advertisement

বকেয়া উৎসব ভাতা আদায়ে শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
বকেয়া উৎসব ভাতা আদায়ে শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও
মাদারীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা। ছবি: এশিয়া পোস্ট

বৈশাখী ভাতা ও ঈদুল আজহার উৎসব ভাতা (বোনাস) না পাওয়ার প্রতিবাদে মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মুহাম্মদ ইমারত হোসেনের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় দ্রুত বকেয়া ভাতা ও বোনাস পরিশোধের দাবি জানান তারা।

২০১৩ ও ২০১৪ সালে মাদারীপুর সদর উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে নিয়োগ পান তারা। বর্তমানে প্রত্যেকে মাসিক ১৬ হাজার ৬৭৩ টাকা বেতন পান।

নিয়ম অনুযায়ী তারা বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী ভাতা এবং বছরে দুই ঈদে উৎসব ভাতা পাওয়ার কথা। সে হিসেবে চলতি বছরের বৈশাখী ভাতা ৩ হাজার ৩৩৬ টাকা এবং ঈদুল আজহার উৎসব ভাতা ৮ হাজার ৩৩৪ টাকা করে পাওয়ার কথা থাকলেও ৫৬ জন দপ্তরির কেউ তা পাননি।

দপ্তরিরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মুহাম্মদ ইমারত হোসেন বলেন, একদিকে বরাদ্দ নেই, অন্যদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপত্তি থাকায় বৈশাখী ভাতা ও উৎসব ভাতা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগ থেকে জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।