logo

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ বলা জিয়া পরিষদ নেতাকে বহিষ্কার

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ বলা জিয়া পরিষদ নেতাকে বহিষ্কার
মারুফ হাসান। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায় পর জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জিয়া পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আমিনুর রহমান (বকুল) তার ফেসবুক অ্যাকাউন্টে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

এর আগে, রোববার (৮ নভেম্বর) জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ কারণে ৮ নভেম্বর থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জিয়া পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আমিনুর রহমান (বকুল) বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দিয়ে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে কিছুটা নিষ্ক্রিয় ছিলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’

এর আগে, গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্যের একপর্যায়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন মারুফ হাসান। এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ জানান। একপর্যায়ে সভায় হট্টগোল সৃষ্টি হলে তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ছিলেন—এমন অভিযোগে তারা এ আলটিমেটাম দেয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট