রায়ের মহলে বিদেশি পিস্তলসহ ‘টাইগার’ গ্রুপের সদস্য গ্রেপ্তার

খুলনা নগরীর রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
রোববার (২৬ জুলাই) দুপুরে হরিণটানা থানার রায়ের মহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় রবিউলের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে উদ্ধার হওয়া আলামতসহ খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।
.png)






