সিগারেটের আগুনে বায়োপ্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কারখানার বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করার সময় বিস্ফোরণে দুইজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দূর্গাদহ গ্রামে রূপনকুমার ঘোষের বাড়িতে বায়োগ্যাস প্লান্টে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)।
স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষ দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করার জন্য দুইজন শ্রমিক ভেতরে নামেন। ওই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন তারা। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে এবং ঢাকায় পাঠায়। শ্রমিকদের শরীরের অধিকাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে কারখানার মালিক রূপ কুমার ঘোষ জানান, পাম্প মেশিন দিয়ে বায়োপ্লান্ট পরিষ্কার করতে দুই শ্রমিকরা ভেতরে যান। সেখানে একজন শ্রমিক সিগারেট জ্বালানোর কারণে আগুন ধরে যায়। দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।