logo

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে মামলা দিয়ে পাঠানো হলো জেলে

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে মামলা দিয়ে পাঠানো হলো জেলে

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকাজ চলাকালে হট্টগোল ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় জোলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক জহির উদ্দিন এই আদেশ দেন। এর আগে দুপুরে লিংকনকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার অলক কান্তি শর্মা বলেন, এজলাসে ভাঙচুর ও বিচারককে হুমকির ঘটনায় বরিশালের কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোতোয়ালি থানায় মামলাটি করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। 

মামলার আসামিরা হলেন—বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা পিপি আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর আদালতের পিপি নাজিমুদ্দিন পান্না, অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট বশির উদ্দিন সবুজসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, একটি মামলার জামিন কেন্দ্র করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আসামিরাসহ ১৫-২০ জন আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন ঘোষণা করে বিচারকদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা বিচারকদের উদ্দেশ করে বিভিন্ন আপত্তিকর স্লোগান দিতে থাকেন। দুপুর আড়াইটায় আদালতের কার্যক্রম চলাকালে তারা হট্টগোল করেন। এতে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। আসামিরা এজলাসে থাকা বসার বেঞ্চ ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ডায়াসে থাকা মাইক্রোফোন ভাঙচুর করে এজলাসে থাকা কজলিস্ট, মামলা দায়ের রেজিস্টার ছিঁড়ে নষ্ট করে আদালত এলাকায় ত্রাস সৃষ্টি করেন।

এ ছাড়া এজলাসে থাকা টেবিল ভেঙে ফেলেন, বসার টুল উপড়ে ফেলেন এবং উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের আদালত থেকে বের করে দেন। বিচারককে জোর করে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করা হয়।

আসামি পক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু বলেন, সরকারি কাজে বাধা ও দ্রুত বিচার আইনে করা একটি সুনির্দিষ্ট মামলায় বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। আমরা জামিন শুনানির জন্য আদালতে গেলে আদালত আগামী ২ মার্চ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।