নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। মসজিদের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও অভিযুক্তদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন জানান, ভোরে এক নারী মসজিদের দানবাক্সে টাকা দিতে গিয়ে সেটির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি বিষয়টি মসজিদের আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে তিনিও অন্য লোকজনকে সঙ্গে নিয়ে মসজিদে যান এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি মাথা ও মুখ কাপড়ে ঢেকে মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর দানবাক্সের তালা ভেঙে ভোর ৪টা ৫ মিনিটে সব টাকা ব্যাগে নিয়ে তারা সটকে পড়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মসজিদের মাইকে চুরির ঘোষণা দেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
ক্যাশিয়ার কমর উদ্দিন আরও জানান, প্রায় এক বছর তিন মাস ধরে দানবাক্সটি খোলা হয়নি। এর আগে তিন মাস পর পর যখন দানবাক্স খোলা হতো, তখন একবার প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল।
বাগাতি পাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িত চোরদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।


