পাবনায় কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের কার্যালয়ে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন আনোয়ার হোসেন। তিনি ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে একটি বাস এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এসআই আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।