নিখোঁজের দুই দিন পর মিলল শিশু সাজ্জাদের মরদেহ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বাড়ির পাশের খালের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। নিহত সাজ্জাদ ওই গ্রামের সানজু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল সাজ্জাদ। একপর্যায়ে তাকে আর খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে তার কোনো খোঁজ পাননি। পরে এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একমাত্র ছেলের মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন মা শাকিলা বেগম। তিনি বলেন, আমার এই নিষ্পাপ শিশুর কী হলো! কীভাবে এই ঘটনা ঘটল? আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মা দোকানে যাওয়ার পর সাজ্জাদ খেলতে খেলতে বাড়ির পাশের খালের পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। শুক্রবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)





