logo

নোয়াখালীতে ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীকে পুলিশে দিল ছাত্রদল

নোয়াখালীতে ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীকে পুলিশে দিল ছাত্রদল
সুধারাম মডেল থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) ১৮ জন নেতাকর্মীকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করেছে ছাত্রদল।

শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে নোয়াখালী সদর উপজেলায় শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। এতে প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান জানান, আটক করা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা মিছিলসহ নানা অপরাধ কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। নোয়াখালী জেলা ও শহর ছাত্রদল বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তাদেরকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে পুলিশ দাবি করেছে, নোয়াখালী শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে থানা পুলিশ।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, কেপিজি নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে শনিবার সকালে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো করা হবে।