logo

টেকনাফে পাচারের জন্য বন্দি থাকা ৩২ জনকে উদ্ধার

টেকনাফে পাচারের জন্য বন্দি থাকা ৩২ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি করা নারী-শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোবাবার (৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফের বাহারছড়ার এলজিইডি রোড সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রাখা হয়। নোয়াখালি জুম্মাপাড়া এলাকার মো. আব্দুল আলী তাদের আটকে রাখেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়। তবে এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ডের এ মিডিয়া কর্মকর্তা বলেন, উদ্ধার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।