সংসদে নেই দলিত-শ্রমজীবী মানুষের কণ্ঠ: আলতাফ পারভেজ

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হলেও দেশের রাজনৈতিক কাঠামোয় দলিত, সংখ্যালঘু ও শ্রমজীবী জনগোষ্ঠীর যথাযথ অংশগ্রহণ নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তার মতে, সংসদে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকায় রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে তাদের দাবি ও অধিকার উপেক্ষিত থেকে যাচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে দলিত ও তফসিলি জনগোষ্ঠীর নেতা যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সাংস্কৃতিক সংগঠন ‘ধাবমান’ আয়োজিত ‘যোগেন মণ্ডল: বহুজনের ভূখণ্ড’ শীর্ষক সেমিনারে আরও বক্তব্য দেন দলিত সম্প্রদায়ের নারী সনু রানী দাস এবং লেখক ও সাংবাদিক রহমান সিদ্দিক। সংস্কৃতিকর্মী ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কাজল কানন।
সেমিনারে আলতাফ পারভেজ বলেন, বর্তমান জাতীয় সংসদে দলিত বা নমশূদ্র জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই। শ্রমিক, কৃষক কিংবা ট্রেড ইউনিয়নের নেতাদেরও সংসদে প্রতিনিধিত্ব নেই। অথচ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মানুষের একটি বড় অংশই ছিলেন শ্রমজীবী। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের মানুষও শহীদ হয়েছেন।
সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের চিত্র তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে মাত্র চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে দুজন হিন্দু ও দুজন বৌদ্ধ। নির্বাচিত হিন্দু প্রতিনিধিদের মধ্যেও দলিত বা নমশূদ্র জনগোষ্ঠীর কেউ নেই। অথচ এর আগের সংসদগুলোর একটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫ জন এবং তার আগের সংসদে ১৯ জন প্রতিনিধি ছিলেন। তার ভাষ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা থাকলেও প্রতিনিধিত্বের ক্ষেত্রে পরিস্থিতি আরও সংকুচিত হয়েছে।
আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশের ইতিহাসে এমনকি পূর্ব পাকিস্তান আমলেও সংসদে দলিত বা নমশূদ্র জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকার এমন পরিস্থিতি দেখা যায়নি। ১৯৩৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত প্রাদেশিক পরিষদ ও গণপরিষদে তফসিলি ও দলিত জনগোষ্ঠীর উল্লেখযোগ্য রাজনৈতিক উপস্থিতি ছিল। কিন্তু বর্তমানে তাদের রাজনৈতিক অবদান ও সংগ্রামের ইতিহাস আড়াল হয়ে পড়ছে। যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্মভিটাতেও তার স্মৃতি সংরক্ষণের কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেই।
যোগেন্দ্রনাথ মণ্ডলের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তফসিলি জাতি বলতে মূলত ঐতিহাসিকভাবে অস্পৃশ্যতার শিকার জনগোষ্ঠীকে বোঝানো হতো। যোগেন মণ্ডল ছিলেন সেই জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার অন্যতম রাজনৈতিক নেতা। সমাজের প্রান্তিক মানুষের অধিকার ও দাবি তুলে ধরার অন্যতম জায়গা সংসদ। সেখানে তাদের প্রতিনিধি না থাকলে নিজেদের কথা বলার সুযোগও সীমিত হয়ে পড়ে।
দেশভাগের ইতিহাস বিশ্লেষণেও দলিত ও তফসিলি জনগোষ্ঠীর ভূমিকা যথাযথভাবে উঠে আসছে না বলে মন্তব্য করেন তিনি। তার মতে, দেশভাগের আলোচনায় গান্ধী, নেহরু, জিন্নাহ, মুসলিম লীগ ও কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা গুরুত্ব পেলেও তফসিলি জনগোষ্ঠীর সংগ্রাম ও অবদান অনেকটাই উপেক্ষিত। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণা থাকলেও যোগেন্দ্রনাথ মণ্ডল এবং দলিতদের রাজনৈতিক ইতিহাস নিয়ে পর্যাপ্ত চর্চা নেই। এ কারণে যোগেন মণ্ডলকে নিয়ে আলোচনা করাকে তিনি ইতিহাসের বিস্মৃত অধ্যায় সামনে আনার পাশাপাশি প্রতিরোধের অংশ হিসেবে দেখছেন।
শ্রমিক ও কৃষকদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকট তুলে ধরে আলতাফ পারভেজ বলেন, সংসদ থেকে শুধু দলিত জনগোষ্ঠী নয়, শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বও কার্যত অনুপস্থিত। বর্তমান সংসদে কোনো ট্রেড ইউনিয়ন নেতা, শ্রমিক প্রতিনিধি কিংবা কৃষক প্রতিনিধি নেই। অথচ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শ্রমিক ও কৃষকদের অংশগ্রহণ এবং অবদান নিয়ে আলোচনা হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। তার দাবি, বর্তমান সংসদের নির্বাচিত সদস্যদের ৮০ থেকে ৯০ শতাংশ কোটিপতি। দেশে প্রায় ছয় কোটি শ্রমিক ও ছয় কোটি কৃষক থাকলেও সংসদে তাদের নিজস্ব প্রতিনিধিত্ব নেই।
দলিত পরিচয়কে শুধু জাতপাতের প্রচলিত সংজ্ঞায় সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে এই গবেষক বলেন, সমাজে নিপীড়ন ও বঞ্চনার শিকার মানুষের অভিজ্ঞতাকেও বৃহত্তর অর্থে বিবেচনা করা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আশুলিয়া ও নারায়ণগঞ্জের নিপীড়িত পোশাকশ্রমিকদেরও বর্তমান সময়ের দলিত জনগোষ্ঠী হিসেবে দেখা যেতে পারে। সময়ের পরিবর্তন হলেও সমাজের মৌলিক বৈষম্য ও দ্বন্দ্ব এখনও রয়ে গেছে।
