ডোবায় মিলল অটোরিকশাচালকের গলিত মরদেহ

কুমিল্লার মনোহরগঞ্জে একটি ডোবা থেকে আরমান হোসেন (১৭) নামের এক অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিনয়ঘর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরমান হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে বিনয়ঘর উত্তরপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা, নাঙ্গলকোট থানা ও নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহের পরনে থাকা শার্ট ও প্যান্ট দেখে পরিবারের সদস্যরা সেটি আরমান হোসেনের বলে শনাক্ত করেন। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, ডোবার পানিতে গলিত মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পোশাক দেখে পরিবারের সদস্যরা মরদেহটি আরমানের বলে শনাক্ত করেছেন।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

