Advertisement

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু
কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটি। ছবি : এশিয়া পোস্ট

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ প্রচারণা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ আলমগীর খান। নির্বাচন কমিশনার ছিলেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পান ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান পান ৩০ ভোট।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক পদে শাহআলম শফি, দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু), প্রথম সিনিয়র সহসভাপতি পদে সাদিক হোসেন মামুন এবং দ্বিতীয় সিনিয়র সহসভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া মানিক, রফিকুল ইসলাম খোকন, ইয়াসমিন রীমা, খালেদ সাইফুল্লাহ ও আনোয়ার হোসেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী সাংবাদিকরা। এ সময় প্রেসক্লাব প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতারা কুমিল্লা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও পেশাদার সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, প্রেসক্লাবের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

বিষয় :কুমিল্লা