চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে স্টেশনের প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। আহত এমরান মিয়া পিরোজপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত আছেন। তিনি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছলে সেটি পুরোপুরি থামার আগেই তিনি নামার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান এবং ট্রেনের চাকায় কেটে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং স্টেশনে থাকা যাত্রীরা এমরান মিয়াকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, আহত ব্যক্তির দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেছি। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে এমরান মিয়া শ্বশুরবাড়ির লোকজনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
রেলওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।