আইনজীবী আলিফ হত্যা: পলাতক আসামি দেব গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেবকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ এপ্রিল) তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ার দিঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারর দেব কোতোয়ালি থানার সেবক কলোনি এলাকার শেরীপ প্রকাশ শরিফ দাশের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস গ্রেপ্তার হন। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত তার জামিন নামঞ্জুর করলে অনুসারীরা বিক্ষোভ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে আইনজীবীদের একটি দল সনাতনীদের আদালত থেকে ধাওয়া দিয়ে বিপরীত পাশে সেবক কলোনিতে নিয়ে যায়। সেখানে সেবক কলোনির বাসিন্দারাসহ সনাতনীরা পাল্টা ধাওয়া দেয়। ওই ধাওয়া-পাল্টাধাওয়ার সময় আদালতের রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় আলিফের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
উল্লেখ্য, আইনজীবী আলিফ হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। মামলার অন্য আসামিদের ধরতেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।