logo

জামিনে মুক্তির পর আদালতে বৈছাআ নেতার ওপর হামলা

জামিনে মুক্তির পর আদালতে বৈছাআ নেতার ওপর হামলা

জামিনে মুক্তির পরদিন নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে সংগঠনটির বর্তমান কমিটি, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নতুন আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত সুব্রত দেব অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন কর্মী তাকে মারধর করেন। পরে তিনি নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও জানান, সম্প্রতি জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার ঘটনায় তাকে জড়ানো হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর সোমবার তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার আদালত চত্বরে গেলে ১০-১২ জন তাকে জোরপূর্বক আইনজীবী ভবনের সামনে থেকে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে মারধর করে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ। তিনি বলেন, এখানে বৈষম্যবিরোধীর কেউ জড়িত নাই। ছাত্রশক্তির জেলার আহ্বায়ককে পরশু দিন রাতে কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলা হলে সে মামলায় সুব্রত জেল থেকে বের হয়। এটি মূলত ছাত্রশক্তির গ্যাঞ্জাম।

অন্যদিকে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।