logo

ফরিদপুরে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, দুজন নিহত

ফরিদপুরে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, দুজন নিহত
পিকআপটি কাভার্ডভ্যানের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা মালবাহী কাভার্ডভ্যানে পেছন থেকে একটি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারে ওঠার পথে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে পিকআপটি কাভার্ডভ্যানের পেছনে ঢুকে দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক কবির রায় (৩৬) ও সহকর্মী জুয়েল মিয়া (১৮)। নিহত কবির রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী গোমর গ্রামের শিশির রায়ের ছেলে। আর জুয়েল মিয়া কুড়িগ্রামের কান্দা জিরাহাট এলাকার আবদুল হাকিমের ছেলে।

দুর্ঘটনার পর দুজনের মরদেহ গাড়ির ভেতরে আটকে পড়লে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, গভীর রাতে ফ্লাইওভারের ওপর ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ফ্লাইওভারে অনিরাপদভাবে যানবাহন দাঁড় করানো বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিয়া ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার্ডভ্যানে পেছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।