সাতক্ষীরার দুই কলেজে পাস করেননি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ডের ফলাফল বিবরণী অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এরমধ্যে ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ উত্তীর্ণ হননি। অন্যদিকে এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জনের একজনও পাস করতে পারেননি।
চলতি বছর সাতক্ষীরা জেলায় ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।
জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৮৭৯ জন। অর্থাৎ, পাসের সংখ্যায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।