আদালত প্রাঙ্গণে পুলিশের সামনেই আসামিকে মারধর বিক্ষুব্ধ জনতার

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকার ডিস লাইন কেবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে আদালতে নেওয়ার পথে পুলিশের সামনেই বিক্ষুব্ধ জনতা মারধর করেছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয়। কোর্ট-হাজত থেকে আদালত কক্ষে নেওয়ার সময় নিহতের স্বজন ও এলাকাবাসীর একটি অংশ তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে আদালতের প্রবেশদ্বারের সামনে শরীফ মাটিতে পড়ে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও উপস্থিত আইনজীবীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিকে মারধরের বিষয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। তবে আইনজীবী ও পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি শান্ত করেন।
এদিকে কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলার চেষ্টা করেছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখে।






