কারাবন্দি স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ স্বামী আটক হয়েছেন। এ ঘটনায় তাকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মো. দবির মোল্লা সদর উপজেলার জুইতারা গ্রামে মোতালেব মোল্লার ছেলে। সে কারাগারে আটক থাকা তার স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাফটকে এসেছিলেন। তন্বী খাতুনও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন মাগুরা জেলা কারাগারে আসেন।
কারাগার সূত্রে জানা গেছে, জেলা কারাগারের আরপি গেটে তল্লাশি কার্যক্রম চলাকালে কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী মো. দবির মোল্লার দেহ তল্লাশি করেন। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবহিত করলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত মো. দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারে মাদক প্রবেশের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের কঠোর তল্লাশি করা হয়। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ কারাগারে মাদক প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারাগারে মাদক প্রবেশ রোধে নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, কারাগারকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন ভঙ্গের কোনো সুযোগ নেই। কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আমাদের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.png)


