মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৫

নাটোরের লালপুরের কারিগরপাড়া জামে মসজিদের কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর কারিগরপাড়া জামে মসজিদের কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে একই এলাকার আফসার আলী পক্ষের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম পক্ষের লোকজনের বাগ্বিতণ্ডা হয়।
এর জেরে শনিবার সন্ধ্যার পর দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় লাঠিসোঁটা ও ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হয়।
আহতরা হলেন— উপজেলার কচুয়া গ্রামের মিজানুর রহমান, শুভ আহমেদ, বড় শেরপাড়া গ্রামের আলমগীর হোসেন, কেশববাড়িয়া গ্রামেরর মাহাতাব হোসেন এবং হাঁসবারিয়া গ্রামের মাসুদ রানা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



