অস্ত্রসহ ‘ক্রাইম সেটাপ’ কিশোর গ্যাংয়ের মহড়া ঘিরে আতঙ্ক

কুমিল্লা নগরীতে ‘ক্রাইম সেটাপ’ নামে একটি নতুন কিশোর গ্যাং সামনে এসেছে। খবর পাওয়া গেছে–গ্যাংটির সদস্যরা গোমতী নদী তীরবর্তী এলাকায় দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন।
শনিবার (২ মে) বিকেলে নগরীর ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোরের একটি সংঘবদ্ধ দল বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দেয়। এ সময় তাদের হাতে রামদা, চাপাতি ও লাঠিসোঁটা দেখা যায়।
স্থানীয়রা জানান, তারা সড়কে প্রকাশ্যে দাপট দেখালে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে অনেকে ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগে দোকান বন্ধ করে দেন।
এলাকাবাসীর দাবি, কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়। এর আগেও কয়েকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, গোমতী নদীর তীরবর্তী এলাকায় কিশোরদের জটলা ও মহড়ার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। অভিভাবকদেরও সচেতন হতে হবে, যাতে তাদের সন্তানরা এমন কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।