Advertisement

প্রবাসী স্বজনকে আনতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

এশিয়া পোস্ট ডেস্ক, রাজবাড়ী
প্রবাসী স্বজনকে আনতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
নিহত মো. আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে মো. আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রবাসী মামা শ্বশুরকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে সোমবার ভোরে প্রাইভেটকার নিয়ে ঢাকার পথে রওনা হন আব্দুল্লাহ। গন্তব্যে পৌঁছানোর আগে ঘটে দুর্ঘটনা।

নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, কালুখালীর গান্ধীমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় একটি ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার শিকার যানবাহনগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।