টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুর থানাধীন মহেড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মহেড়া রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনমাস্টার সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী যাত্রীবাহী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) ট্রেনটির শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এতে রেললাইনের অনেক অংশ বাঁকা হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনযাত্রীরা।
যাত্রী ইমরান জানান, অনেকক্ষণ ধরে ট্রেন আটকে রয়েছে। সকাল ৯টার দিকে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছি।
মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনমাস্টার সোহেল বলেন, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা বলা অসম্ভব।