ধারের টাকায় প্রবাসে গিয়ে মৃত্যু, মরদেহ আনার খরচ নেই পরিবারের

অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ৫ লাখ টাকা ধার করে সৌদি আরবে গিয়ে কর্মরত অবস্থায় মাটিচাপায় ইসমাইল হোসেন নামে বরগুনার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে পাইপলাইনের মাটি ধসে চাপা পড়ে ইসমাইলের মৃত্যু হয়। নিহত ইসমাইল হোসেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মো. আমজাদ হোসেনের বড় ছেলে।
নিহত ইসমাইল হোসেনের পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জানুয়ারি পাঁচ লাখ টাকা ধার করে ইসমাইল সৌদি আরব যান। একটি চীনা কোম্পানিতে সৌদির রিয়াদ বিমানবন্দর এলাকায় কাজ করতেন তিনি। তবে বৃহস্পতিবার কাজ করার সময় হঠাৎ সেখানে মাটি ধসের ঘটনা ঘটে। এ সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে ইসমাইলের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে আমার স্বামীর সঙ্গে কথা হয়। এরপর সারাদিন আর কল দেয়নি। সারাদিন খোঁজ না থাকায় বিকেলের দিকে আমি তার সহকর্মীদের কাছে জানতে পারি, আমার স্বামী দুর্ঘটনার শিকার হয়েছেন। ওই দুর্ঘটনায় আমার স্বামী মারা গেছেন। এখন তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় তিন লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন সহকর্মীরা। আমাদের কাছে টাকা না থাকায় স্বামীর লাশ দেশে আনতে পারছি না। সরকারের কাছে আবেদন, আমার স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।’
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে বরগুনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।’
