logo
Advertisement

নৌকাডুবি থেকে বেঁচে ফেরা/তিনজন ছিলেন নৌকা ধরে, ছয়জন গাছের ডাল আঁকড়ে

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
তিনজন ছিলেন নৌকা ধরে, ছয়জন গাছের ডাল আঁকড়ে
নৌকাডুবির শিকার আট পর্যটক। ছবি: এশিয়া পোস্ট

সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন তারা। ভ্রমণ শেষে ফিরছিলেন নৌকায়। পথে নদীতে ডুবে গেলে নৌকাটি। শুরু হলো বাঁচার লড়াই। নৌকাডুবির শিকার নয়জনের তখন চোখেমুখে দুশ্চিন্তার ছাপ। তিনজন নৌকা ধরে এবং ছয়জন গাছের ডাল আঁকড়ে নিজেদের রক্ষার চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পারে টহলে থাকা নৌপুলিশ। তারা গিয়ে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে নিরাপদে।

Advertisement

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় রাই নদীতে।

নৌপুলিশ সূত্রে জানা যায়, আংটিহারা নৌপুলিশ ফাঁড়ির একটি টহল দল টহলে ছিল। এ সময় ৯৯৯ নম্বরে খবর আসে, সিংহেরটেক এলাকায় রাই নদীতে পর্যটকসহ একটি নৌকা ডুবে গেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টহল দল।

ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান তিনজন নৌকাটি ধরে নদীতে ভাসছেন। অপর ছয়জন নদীর মধ্যে থাকা গাছের ডাল আঁকড়ে ধরে আছেন। পরে নৌপুলিশের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নৌকার মাঝি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার কিসমত আলী, পর্যটক নাঈম হোসেন, রাকিবুল হাসান, মো. আশিক, মো. পলাশ হোসেন, মো. শাহীন, ইমামুল হোসেন, যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব ও মো. আব্দুল্যাহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শুক্রবার দুপুর সাড়ে ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। ঘোরাফেরা শেষে বিকেল সোয়া ৫টার দিকে সিংহেরটেক এলাকায় রাই নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তারা নদীতে পড়ে যান।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়। তাদের তৎপরতায় নয়জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।