কাভার্ডভ্যান চালক সজিব হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় কাভার্ডভ্যান চালক মো. সজিবকে (২৭) হত্যা ও মরদেহ গুমের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাউসার সাগর এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. নুরুল আমিন, মো. শাহজাহান এবং মো. নুরুল আলম টুটুল।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন টোল রোডের পূর্ব পাশে শিল্প পুলিশের অধিগ্রহণকৃত জমির পশ্চিম পাশে সেকান্দরের কৃষি জমি থেকে মো. সজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সজিব নোয়াখালী জেলার চাটখিল থানার জিনপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কাভার্ডভ্যান চালক ছিলেন। ২০২১ সালের ২৫ অক্টোবর মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধারের পর নিহতের ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকালে অভিযুক্ত মো. নুরুল আমিন ও মো. শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সজিবকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ৩৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসেকটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত। বিচারকার্য পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. কাউসার সাগর।
রায়ের আদেশে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. নুরুল আমিন ও মো. শাহজাহান বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি মো. নুরুল আলম টুটুলকে সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী আসামিরা রায়ের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করতে পারবেন।


