ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ব্যবসায়ীকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ, নিষিদ্ধ পণ্যের ব্যবহার এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ফেনী সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্র জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই উৎপাদনের দায়ে ফেনী শহরের বগুড়ার দই নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীন ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিষিদ্ধ পণ্য ব্যবহার করে খাদ্য উৎপাদনের অপরাধে একই আইনে নীরব ঘোষ ও সুভাষ ঘোষ নামের দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অফিস সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার এশিয়া পোস্টকে জানান, খাদ্যপণ্যের গুণগত মান রক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
