Advertisement

আত্মসমর্পণ করতে আদালতে যাচ্ছেন আমির হামজা

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
আত্মসমর্পণ করতে আদালতে যাচ্ছেন আমির হামজা
মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

মানহানি মামলায় আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।

Advertisement

রোববার (১৪ জুন) সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।

আইনজীবী আমিনুল ইসলাম বলেন, হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর মুফতি আমির হামজা আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। তিনি দুপুরে আদালতে উপস্থিত হবেন।

জামায়াত নেতা জাহিদুল ইসলাম বলেন, তিনি দুপুরে আত্মসমর্পণের জন্য সিরাজগঞ্জ আদালতে আসবেন। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ওই দিনই আদালত তাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।