logo

অটোরিকশার জন্য চালককে হত্যা, বিক্রির টাকা ভাগাভাগি

অটোরিকশার জন্য চালককে হত্যা, বিক্রির টাকা ভাগাভাগি
গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : পিবিআইয়ের সৌজন্যে

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক জাহিদ রহমানকে লাকড়ি আনার কথা বলে গজারি বনে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে পূর্বপরিচিত জাহিদকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে বিক্রি করেন আসামিরা। এ ঘটনায় তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Advertisement

গ্রেপ্তার আসামিরা হলেন ময়মনসিংহের ইন্তাজ আলী (২৫), শ্রীপুরের হাবিবুল্লাহ (২৭) ও আলমগীর হোসেন (৩৪), কাপাসিয়ার জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জের ইব্রাহিম খলিলুল্লাহ (৪০)।

মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় জাহিদ অটোরিকশা নিয়ে কাপাসিয়ার কেওয়া ঘাট থেকে যাত্রীসহ লতিফপুর-গোসিংগার দিকে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে শ্রীপুরের সাভারচালা পশ্চিমপাড়ার গজারি বনে হাত-পা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা শ্রীপুর থানায় হত্যা মামলা করেন।

পিবিআই জানায়, মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ নভেম্বর শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ এবং বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, পূর্বপরিচিত ইন্তাজসহ অন্যরা নগদ টাকার প্রয়োজনে জাহিদকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ইন্তাজ ও হাবিবুল্লাহ লাকড়ি আনার কথা বলে জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলো মোড়ে ডেকে নেন। পরে তারা জাহিদকে গজারি বনে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে অন্য তিনজনের সহযোগিতায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করেন।

তিনি আরও জানান, নির্জন স্থানে হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে যাবে বলে ধারণা করেছিল। তবে পিবিআই আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট