মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ২০

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং পূর্বাশা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) মহাসড়ক দিয়ে যাচ্ছিল। একই সময়ে ময়দা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) মাগুরার দিকে যাচ্ছিল। শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে ট্রাকটির একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়।
টায়ার পরিবর্তনের জন্য চালক ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড় করিয়ে রাখেন। এ সময় পেছন দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় বাসের সুপারভাইজার মো. জুয়েল বাসের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম এশিয়া পোস্টকে বলেন, টায়ার বিস্ফোরণের পর ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা বাসটি ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত সুপারভাইজার মো. জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


