logo

‘কলিজাটা ঠান্ডা হইছে, বাবারে বাড়ির সামনে কবর দিতে পারছি’

‘কলিজাটা ঠান্ডা হইছে, বাবারে বাড়ির সামনে কবর দিতে পারছি’

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত বাংলাদেশি যুবক সোবাহান খাঁ’র মরদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, এদিন সকালে সৌদি আরব থেকে একটি বিমানে তার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে মরদেহটি গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সোবহানের কন্যা নুরনাহার খাঁ আহাজারি করে বলেন, ‘আইজ আমার কলিজাটা ঠান্ডা হইছে, আমার বাবারে বাড়ির সামনে কবর দিতে পারছি। এহন আমরা কবর দেখলে মনে হবে আমাদের বাবা এখনও আছে।’

জানা যায়, ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকায় ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান সোবাহান খাঁ। গত ৭ এপ্রিল রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে যান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আলজাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল তার মৃত্যু হয়।

সোবহানের স্ত্রী মরিয়ম আক্তার বলেন, তিনি আমার জন্য পাঁচ লাখ টাকার ঋণ রেখে গেছেন। আমার আয় করার মতো আর কেউ নেই। আমার মেয়ে চারটা বড়। ছেলেটার বয়স মাত্র দুই বছর। আমি মেয়ে হয়ে কীভাবে এতগুলা টাকা শোধ করব।

তাদের কন্যা মিম খাঁ বলেন, সরকারের কাছে একটাই দাবি–আমাদের এই অসহায় পরিবারের দিকে যেন একটু তাকায়।

মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) মিস মর্জিনা আক্তার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে।